চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ২০ লাখ বা ২.৭৯ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ২০ লাখ ডলার।
গত বছরের একই সময়ে দেশে এসেছে ২২৮ কোটি ১০ লাখ ডলার, যা থেকে দেখা যাচ্ছে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২,২২২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ২১.৮০ শতাংশ বৃদ্ধি। এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।











