রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে হাদিসে বহু গুরুত্বপূর্ণ সংবাদ দিয়েছেন। এসব বর্ণনা শুধু কিয়ামতের আলামতই নয়, বরং প্রত্যেক যুগের মানুষের জন্য সতর্কবার্তা ও আত্মসমালোচনার আয়না। মানুষের জ্ঞানচর্চা, সময়ের বরকত, সামাজিক শান্তি ও মানবিক নিরাপত্তা যখন দুর্বল হয়ে পড়ে, তখন তা আল্লাহর রাসুল (সা.)–এর বর্ণিত নিদর্শনের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়।
এমনই এক গভীর তাৎপর্যপূর্ণ হাদিসে কিয়ামতের পূর্ববর্তী সমাজচিত্র তুলে ধরেছেন তিনি। আবূ হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
“কিয়ামত কায়িম হবে না, যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে, ভূমিকম্পের আধিক্য ঘটবে, সময় সংকুচিত হবে, ফিতনা প্রকাশ পাবে, হারজ (খুন-খারাবি) বেড়ে যাবে এবং তোমাদের মধ্যে ধন-সম্পদ এত বৃদ্ধি পাবে যে তা উপচে পড়বে।” (সহিহ বুখারি, হাদিস: ১০৩৬)
এই হাদিসে কিয়ামতের পূর্ববর্তী সময়ের কয়েকটি সুস্পষ্ট আলামত উল্লেখ করা হয়েছে—
এক. ইলম উঠিয়ে নেওয়া হবে
এখানে ইলম উঠে যাওয়ার অর্থ কিতাব-পুস্তক হারিয়ে যাওয়া নয়; বরং প্রকৃত দ্বিনি জ্ঞানের ধারক আলেমদের ইন্তেকালের মাধ্যমে সহিহ জ্ঞান সমাজ থেকে ক্রমশ বিলুপ্ত হয়ে যাওয়া। ফলে অজ্ঞ নেতৃত্ব তৈরি হবে, মানুষ না জেনে ফতোয়া দেবে এবং গোমরাহি ব্যাপক আকার ধারণ করবে।
দুই. ভূমিকম্পের আধিক্য
ভূমিকম্প শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়; বরং আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। গুনাহ, জুলুম ও নাফরমানি বৃদ্ধি পেলে এ ধরনের বিপর্যয় মানুষকে তাওবার দিকে আহ্বান জানায়।
তিন. সময় সংকুচিত হয়ে আসা
সময় সংকুচিত হওয়ার অর্থ সময়ের বরকত উঠে যাওয়া। অল্প সময়েই দিন, মাস ও বছর কেটে যাবে; ব্যস্ততা বাড়বে, কিন্তু কাজের ফলপ্রসূতা কমে যাবে।
চার. ফিতনার বিস্তার
আকিদা, চরিত্র, রাজনীতি ও সামাজিক জীবনে বিভ্রান্তি ছড়িয়ে পড়বে। হক ও বাতিলের পার্থক্য অস্পষ্ট হয়ে যাবে এবং সত্যের পক্ষে দাঁড়ানো কঠিন হবে।
পাঁচ. হারজ বা খুন-খারাবির বৃদ্ধি
নির্বিচার হত্যা ও রক্তপাত বেড়ে যাবে। মানুষের জীবনের মূল্য তুচ্ছ হয়ে পড়বে এবং সামান্য কারণেই বড় সহিংসতা সংঘটিত হবে।
ছয়. ধন-সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি
সম্পদ বাড়বে, কিন্তু তাতে বরকত থাকবে না। ধনী মানুষের সংখ্যা বাড়লেও অন্তরের প্রশান্তি ও নিরাপত্তা কমে যাবে।
মোটকথা, এই হাদিস কেবল ভবিষ্যতের সংবাদ নয়; বরং আত্মশুদ্ধি, ইলমের প্রতি যত্নশীল হওয়া, ফিতনা থেকে বেঁচে থাকা এবং মানবিক মূল্যবোধ রক্ষার জন্য এক গভীর সতর্কবার্তা।











