স্বামীর বাড়ির লোকজনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে গাজীপুরের পূবাইলে দুই শিশু সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা দোষীদের বিরুদ্ধে বিচার দাবি করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানার নয়নীপাড়া এলাকার একটি রেলক্রসিংয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাজীপুরের আতুরি এলাকার বাসিন্দা উজ্জ্বলের স্ত্রী মালা বেগম এবং তার দুই শিশু সন্তান নুসরাত ও মারুফ।
পারিবারিক সূত্র জানায়, মালা বেগমের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। কারণে-অকারণে ঝগড়া ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। সংসারে শান্তি না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন মালা বেগম।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি দুই সন্তানকে সঙ্গে নিয়ে পূবাইলের রেলক্রসিংয়ে যান এবং আখাউড়াগামী একটি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রেলওয়ে পুলিশ নরসিংদী জোনের সাব-ইন্সপেক্টর দিলীপ চন্দ্র সরকার জানান, মরদেহগুলো উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
নিহত মালা বেগমের মা আমেনা বেগম অভিযোগ করে বলেন, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কারণেই তার মেয়ে ও নাতি-নাতনির মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।











