নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। চূড়ান্ত হওয়া বেতন কমিশনের প্রতিবেদনে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ২৫০ টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
একই সঙ্গে সর্বোচ্চ ধাপের বেতন দেড় গুণ বাড়িয়ে ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
ধসে পড়া অর্থনীতির গতি ফেরাতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাত সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আয়-বৈষম্য কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্গঠনে গত জুলাই মাসে পে কমিশন গঠন করা হয়।
প্রায় ছয় মাসের কাজ শেষে কমিশন বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করেছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮।
পুরো বেতনকাঠামো বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৮০ হাজার কোটি টাকা। আগামী ১ জুলাই থেকে এই কাঠামো কার্যকর করার দায়িত্ব থাকবে পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চেয়ারম্যান জানিয়েছেন—এই কাঠামোতে সবাই খুশি হবে।
এর আগে চলতি জানুয়ারি মাস থেকেই আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।











