সৌদি আরবের হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি রমজানের চতুর্থ দিনে ২১ ফেব্রুয়ারি শনিবার এক দিনে ৯ লাখ ৪ হাজার হাজি ওমরাহ পালন করেছেন। এটি পূর্বের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করেছে। এর আগে গত বছরের ৭ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫ লাখ মানুষ ওমরাহ পালন করেছিলেন।
রমজান মাসে মসজিদুল হারামে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাবা শরিফের চারপাশের মাতাফ এলাকা সারাদিন শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে।
বিশেষ করে শুক্রবার, মাগরিব, এশা, তারাবি ও রমজানের শেষ দশদিন তাহাজ্জুদ নামাজের সময় ভিড় বেশি হওয়ায় মুসল্লিদের নির্ধারিত আঙিনা ও নির্দিষ্ট স্থানে নামাজ আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। মসজিদের ভেতরে চলাচলের সময় নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং করিডোরে ভিড় জমাতে নিষেধ করা হয়েছে। এছাড়া গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম ঘিরে যানজট কমাতে কেন্দ্রীয় এলাকায় পথচারীদের জন্য আলাদা পথ চালু করা হয়েছে। নামাজের সময় নির্দিষ্ট এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা, অনুমতি ছাড়া মোটরসাইকেল ও সাইকেল প্রবেশ নিষিদ্ধ করা এবং বাধা সৃষ্টি করে এমন গাড়ি সরানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











