চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার ঘটনায় চলমান আন্দোলনের বিষয়ে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্বার্থে চুক্তি সম্পন্ন হবে এবং বিশৃঙ্খলা দমনে সরকার কঠোর অবস্থানে থাকবে।
বৃহস্পতিবার সকালে উপদেষ্টার বন্দরে আগমনের খবর ছড়িয়ে পড়লে শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপদেষ্টার গাড়ি প্রায় ১৫ মিনিট আটকে থাকে। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাহারায় তিনি বন্দর ভবনে প্রবেশ করেন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি শান্ত হয়।
বৈঠক শেষে উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে বিদেশি বিনিয়োগ ও চুক্তি প্রয়োজন। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী চুক্তি সম্পন্ন হবে এবং কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না। সরকার প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেবে।
চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি আগামী শুক্রবার ও শনিবার স্থগিত করা হয়েছে। তবে দাবি মানা না হলে আন্দোলন পুনরায় কঠোর কর্মসূচিতে ফিরে যাবে। বর্তমানে বন্দর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ধীরগতিতে কার্যক্রম শুরু হচ্ছে।











