নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। এ সময় তিনি শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন বলেও স্লোগান দেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে নাটোর থানা থেকে তাকে আদালতে নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত অবস্থায় তিনি এসব স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে রাতেই তাকে ঢাকা থেকে নাটোরে নিয়ে আসা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বিরুদ্ধে শহরের কানাইখালী এলাকার ছাত্রদল নেতা সুজন হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।









