গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে যমুনা ডেনিমস লিমিটেড কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা শৃঙ্খলা আচরণ করে এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিল্প পুলিশের অন্তত ১০ সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে শ্রমিকদের দাবি, সংঘর্ষে তাদের অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
সংঘর্ষের পর কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য যমুনা ডেনিমস লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।









