আত্মশুদ্ধি, আত্মসংযম ও তাকওয়া অর্জন সিয়ামের মূল লক্ষ্য। প্রতি বছর আমরা রমাদান পাই। দীর্ঘ এক মাস সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে সিয়াম পালন করি। কিন্তু প্রশ্ন হলো—এই সাধনার মাধ্যমে আমরা কতজন সিয়ামের প্রকৃত উদ্দেশ্য অর্জন করতে পারি? বর্তমান সময়ে সিয়াম অনেকটাই প্রথাসিদ্ধ অভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই মনে করি, শুধু না খেয়ে থাকাই রোজা। অথচ বাস্তবতা হলো, সিয়াম কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; এটি একটি সমন্বিত আত্মিক প্রশিক্ষণ।
রাসুল (সা.) সতর্ক করে বলেছেন, ‘কিছু সিয়াম পালনকারী আছে এমন, যাদের সিয়ামের বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই ভাগ্যে জোটে না। কিছু সালাত আদায়কারী আছে এমন, যাদের রাত জাগরণ ছাড়া আর কিছুই জোটে না।’ অর্থাৎ যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা বলে, গিবত করে, প্রতারণা করে, মানুষের হক নষ্ট করে এবং অন্যায়-অপকর্মে লিপ্ত থাকে—তার দিনের উপবাস তাকে কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারে না। বাহ্যিকভাবে সে রোজাদার হলেও আত্মিক দিক থেকে সে বঞ্চিত।
আরেক হাদিসে নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করতে পারেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই (বুখারি)। এই হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—সিয়াম শুধু খাদ্য ত্যাগের অনুশীলন নয়; এটি চরিত্র গঠনের এক মহাসুযোগ।
মহান আল্লাহ রমাদানকে আমাদের জীবনে পরিবর্তনের বিশেষ সুযোগ হিসেবে দান করেছেন। তাই এ মাসে কেবল শারীরিক উপবাস যথেষ্ট নয়; প্রয়োজন আত্মিক ও নৈতিক শুদ্ধতা অর্জনের চেষ্টা। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেছেন, তুমি যখন রোজা রাখবে, তখন তোমার কান, চোখ ও জিহ্বাও যেন রোজা রাখে (মুসান্নাফে ইবনে আবি শাইবা)। অর্থাৎ চোখকে হারাম থেকে, কানকে গুনাহ থেকে এবং জিহ্বাকে মিথ্যা, কটূক্তি ও অপবাদ থেকে বিরত রাখাই হলো পূর্ণাঙ্গ সিয়াম।
সিয়ামের মূল দর্শন বিশ্লেষণ করলে বিষয়টি আরও পরিষ্কার হয়। ‘সিয়াম’ শব্দের অর্থই হলো বিরত থাকা। মানুষ সাধারণত যে বড় বড় অপরাধে জড়িয়ে পড়ে, তার পেছনে থাকে দুটি প্রবৃত্তি—ক্ষুধা ও যৌনকামনা। সিয়াম এই দুই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেয়। একজন মানুষের সামনে খাবার রয়েছে, তীব্র ক্ষুধাও রয়েছে, কেউ দেখছে না—চাইলেই সে খেতে পারে। কিন্তু সে খায় না, কারণ সে জানে আল্লাহ দেখছেন। নিজের প্রবল ইচ্ছাকে আল্লাহর আদেশের কাছে সমর্পণ করার এই অনুশীলনই হলো তাকওয়ার ভিত্তি।
রমাদানের এই অনুশীলনের লক্ষ্য হলো—যখন একজন মুমিন বৈধ জিনিস আল্লাহর ভয়ে ত্যাগ করতে শিখবে, তখন সে অবৈধ ও হারাম জিনিস থেকেও নিজেকে বিরত রাখতে সক্ষম হবে। নবীজি (সা.) বলেছেন, ‘সিয়াম ঢালস্বরূপ (বুখারি)।’ ঢাল যেমন যোদ্ধাকে আঘাত থেকে রক্ষা করে, তেমনি সিয়াম মানুষকে তার কুপ্রবৃত্তির আক্রমণ থেকে রক্ষা করে। সঠিকভাবে সিয়াম পালন করলে তা মানুষের মধ্যে এমন এক মানসিক শক্তি তৈরি করে, যার মাধ্যমে সে প্রলোভন, লোভ, রাগ ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকেই সিয়ামের এই অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছি। সিয়াম অনেক ক্ষেত্রে কেবল সামাজিক আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে। ইফতার আয়োজন, বাহ্যিক ব্যস্ততা ও রুটিন পালনের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে এর চর্চা। অথচ প্রয়োজন ছিল আত্মসমালোচনা, হৃদয়ের ব্যাধি চিহ্নিত করা এবং তা দূর করার উদ্যোগ নেওয়া।
ঘৃণা, প্রতিহিংসা, হিংসা, ক্ষমতার অহংকার, সম্পদের লোভ—এসব মানসিক রোগ আমাদের অন্তরকে কলুষিত করে রাখে। রমাদান হলো এসব রোগ উপড়ে ফেলার সুবর্ণ সময়। যে ব্যক্তি এ মাস পেয়েও নিজেকে শুদ্ধ করতে পারবে না, তার ব্যাপারে নবীজি (সা.) কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘সে ব্যক্তি ধ্বংস হোক, যার কাছে রমাদান এলো, তারপর তা শেষ হয়ে গেল, অথচ তার গুনাহ ক্ষমা করা হলো না (তিরমিজি)।’
অতএব, সিয়াম যেন কেবল উপবাস না হয়। এটি যেন হয় আত্মসংযমের বাস্তব অনুশীলন, চরিত্র সংশোধনের অঙ্গীকার এবং আল্লাহভীতির প্রশিক্ষণ। রমাদান আমাদের জীবনে নৈতিক পরিবর্তনের সূচনা করুক—এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। আল্লাহ আমাদের সবাইকে সিয়ামের প্রকৃত হাকিকত বোঝার এবং সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।











