নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকার পর আবার আগের কর্মস্থলে ফিরে গেছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে পৌঁছান। নিজের ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। পোস্টে জানানো হয়, মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে তাকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা। পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত এই অর্থনীতিবিদ চলতি মাসের শেষ নাগাদ সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।











