স্বায়ত্তশাসনের প্রস্তাব বাতিল করায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের পদত্যাগ চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকের ৩০ ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় এই দাবি করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক থেকে অক্টোবরের শুরুতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু কোনো প্রক্রিয়া ছাড়াই এটি বাতিল করা হয়েছে। বর্তমান উপদেষ্টা যখন গভর্নর ছিলেন, তখন তিনিও প্রস্তাবের পক্ষে ছিলেন। কিন্তু পরে প্রয়োজন নেই বলে গভর্নরকে চিঠি দিয়েছেন। এ দ্বিমুখী অবস্থানের কারণে তার পদত্যাগ চাওয়া হচ্ছে।
সভায় সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বায়ত্তশাসন নিশ্চিত করা ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করতে সংশোধিত বাংলাদেশ ব্যাংক অর্ডার অপরিহার্য। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানাবিধ কাঠামোগত সংস্কার কার্যকর হলেও কাঙ্খিত অধ্যাদেশ প্রণীত না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি হয়েছে।
কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের পর যে দলই সরকার গঠন করুক, স্বায়ত্তশাসন দ্রুত বাস্তবায়ন করা হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীন ও সক্ষম ভূমিকা নিশ্চিত হবে।











