ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিরল প্রজাতির গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার নাটিমা গ্রামের মাঠ থেকে অসুস্থ অবস্থায় শকুনটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, নাটিমা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন মাঠে বড় আকৃতির শকুনটিকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন। পরে খবর পেয়ে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণকর্মী নাজমুল হোসেন ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে হিমালয়ের গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করেন।
পরে বিষয়টি উপজেলা বন বিভাগের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামকে জানানো হলে রাত ১১টার দিকে শকুনটি বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসনকে অবহিত করার পর মহেশপুর প্রাণিসম্পদ অধিদপ্তরে শকুনটির চিকিৎসা শুরু হয়।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পাখিটির চিকিৎসা চলছে। দুই দিনের মধ্যে সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। তবে অবস্থার অবনতি হলে খুলনায় পাঠানো হবে।
প্রকৃতিপ্রেমীরা জানান, হিমালয় অঞ্চলের তীব্র শীতের কারণে এসব শকুন অনেক দূর পর্যন্ত বিচরণ করে। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে খাবারের সংকটে পড়ে শকুনটি অসুস্থ হয়ে থাকতে পারে। উদ্ধার হওয়া শকুনটির ডানা মেললে দৈর্ঘ্য প্রায় আট ফুট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।











