ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং চলমান নির্বাচনী প্রচারণার কারণে করদাতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জারি করা এক বিশেষ আদেশে এনবিআর জানায়, ২০২৫–২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
এর আগে আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। পরে তা প্রথম দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ এই বিশেষ আদেশের মাধ্যমে তৃতীয় দফায় আরও এক মাস সময় বাড়ানো হলো।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী রয়েছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এ পর্যন্ত প্রায় ৩৪ লাখ টিআইএনধারী আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
চলতি করবর্ষে কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া অধিকাংশ করদাতাকেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হচ্ছে।
Facebook Caption











