ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তাঘাটে জিজ্ঞাসাবাদের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
ফারিয়া তার ফেসবুক পোস্টে বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সন্দেহভাজনদের তল্লাশি বা জিজ্ঞাসাবাদ করা দায়িত্বপ্রাপ্তদের কাজ। তবে দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয়ভাবে শারীরিক বা মানসিক হয়রানি করা উচিত নয়। তিনি লিখেছেন, “দেশের আইন-শৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, এইটা আপনাদের কাজ, কিন্তু গায়ে হাত তুলবেন কেন?”
তিনি আরও মন্তব্য করেছেন, ক্ষমতার অপব্যবহার হলে মানুষের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ও সম্মান কমে যায়। ফারিয়া বলেন, “আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই যে আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত।”
শেষে তিনি বলেন, “আমরা চাই, আপনারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানও দিতে হবে।”











