অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তারকা ও কলাকুশলীরা এ নিয়ে নিজেদের মত প্রকাশ করছেন।
এ প্রসঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তিনি আত্মহত্যাকে ‘চরম স্বার্থপর কাজ’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, ‘নিজের কষ্ট যদি বাবা-মা ও সন্তানের কষ্টের চেয়ে বড় হয়ে যায় এবং সন্তানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে নিজের কষ্ট থেকে মুক্তি নেওয়াই মুখ্য হয়, তাহলে তা নিঃসন্দেহে স্বার্থপরতা।’
নাবিলা আরও লিখেছেন, ‘নায়কোচিত আচরণ শুধু পর্দায় দেখালেই যথেষ্ট নয়; বাস্তব জীবনে পরিস্থিতি ও নিজের কাজের দায়ও নিতে হয়।’ তিনি আলভী ও ইক্রার সন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, মা ছাড়া শিশুর বেড়ে ওঠা কঠিন, তাই সন্তানের জন্য বাবা-মায়ের দায়িত্ব অপরিহার্য।
তিনি বলেন, ‘জীবনের একটি বিশেষ সৌন্দর্য আছে। যদি আপনার সন্তান থাকে, তাহলে জীবনের চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। তার জন্য বেঁচে থাকুন, লড়ুন এবং তাকে একজন চমৎকার মানুষ হিসেবে বড় হতে দেখুন। জীবন যতই কঠিন ও তিক্ত হোক, হাল ছেড়ে দেওয়া ঠিক নয়। মর্যাদার সঙ্গে বেঁচে থাকা, সব কষ্টের মধ্যেও অনেক বেশি তৃপ্তিদায়ক।











