ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু সেখানে পৌঁছানোর পরপরই মধ্যপ্রাচ্যে ইরানের হামলার ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ফলে আপাতত দুবাইতেই আটকে পড়েছেন তিনি ও তার ছেলে ইউভান।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে শুভশ্রীর স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী জানান, শনিবারই দুবাই পৌঁছেছেন অভিনেত্রী ও তাদের ছেলে। প্রথমদিকে সবকিছু স্বাভাবিক থাকলেও পরদিন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বর্তমানে তারা অবস্থান করছেন পাম জুমেরিয়াহ এলাকার একটি হোটেলে। রাজ বলেন, তারা একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করছেন এবং অপ্রয়োজনে বাইরে বের হচ্ছেন না।
রাজের ভাষ্য অনুযায়ী, হোটেলের অদূরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে সবাইকে ঘরের বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে পরিবার হিসেবে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি জানান, “দুশ্চিন্তায় রয়েছি, তবে আতঙ্কিত নই।” নিয়মিত যোগাযোগ হচ্ছে তাদের মধ্যে। ছেলেকে সঙ্গে নিয়ে বিদেশে অবস্থান করায় চিন্তাটা আরও বেশি বলেও উল্লেখ করেন তিনি।
দুবাইয়ে তাদের পরিচিত বন্ধু ও আত্মীয়রা পাশে রয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তা করছেন। পরিস্থিতি সামাল দিতে তারা স্থানীয় নির্দেশনা মেনে চলছেন।
এদিকে কলকাতায় মেয়ে ইয়ালিনিকে নিয়ে অবস্থান করছেন রাজ। স্ত্রী ও সন্তানকে দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চাওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, এখনো সে পথে এগোননি। তবে আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা নিরাপদেই দেশে ফিরবেন।
উল্লেখ্য, শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াদ এবং কাতারের দোহায় হামলার খবর প্রকাশ্যে আসে। একই পরিস্থিতিতে সেখানে অবস্থান করছেন অভিনেত্রী সোনাল চৌহান এবং ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।











