পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে দীর্ঘ দুই দশকের অভিনয় জীবনের এই পর্যায়ে এসে ব্যক্তিগত জীবন নিয়ে চলা গুঞ্জন ও সমালোচনার বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী।
সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ নিয়ে নানা আলোচনা শুরু হলে সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন পায়েল। আগামী এপ্রিলেই অভিনয় জীবনের ২০ বছর পূর্ণ করতে চলেছেন তিনি। এই দীর্ঘ পথচলায় পেশাদার জীবন ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার ওপর জোর দিয়েছেন অভিনেত্রী।
পায়েলের ভাষায়, আগে তার কাজ ও অভিনীত চরিত্র নিয়ে আলোচনা হতো। এখন পরিবার বা সন্তান নিয়ে চর্চা হওয়ায় বিস্মিত তিনি। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না বলেও জানান।
ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব নিয়েও খোলামেলা কথা বলেন পায়েল। তার দাবি, যাদের তিনি বন্ধু মনে করতেন, তারাই নাকি ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা করেছেন। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে কাছের মানুষদের আচরণ তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। ধারাবাহিক ধাক্কা তাকে আরও মানসিকভাবে শক্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।
স্বামী দ্বৈপায়ন দাস (গোগোল)-এর সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা জল্পনা রয়েছে। এ প্রসঙ্গে পায়েল বলেন, ব্যক্তিগত জীবনে তারা স্বামী-স্ত্রী হলেও পেশাদার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা সত্তা। এই দুই বিষয়কে এক করে দেখা ঠিক নয় বলেই মনে করেন তিনি।
বর্তমানে নির্মাতা নির্ঝর মিত্রর ওয়েব সিরিজ ক্যুইনস-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন পায়েল। পাশাপাশি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অতিথি শিল্পী হিসেবে তার কাজও সম্প্রতি শেষ হয়েছে।
চারপাশের গুঞ্জনকে আমলে না নিয়ে এখন নিজের পছন্দের চরিত্র বাছাইয়েই মনোযোগী অভিনেত্রী। নতুন কাজের মাধ্যমে ভিন্ন রূপে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।











