দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব অভিযোগ তুলে তিনি ওই দুই আসনে পুনর্নির্বাচনের দাবি জানান।
তিনি বলেন, ‘আমরা এই নির্বাচন বর্জন করছি। আমরা চাই নতুন করে আবার এই দুই আসনে নির্বাচন দেওয়া হোক।’
গোলাম পরওয়ার আরও বলেন, আবারও প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার দাবি, বিএনপি আমলেও এমন নির্বাচন হয়েছে যা আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ।
বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না।
সমাবেশে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন-এর সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নানসহ অন্যান্য নেতারা।











