নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানিয়েছেন, কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে হঠাৎ উপস্থিতি জানান প্রতিমন্ত্রী। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা তখন পর্যন্ত অফিসে উপস্থিত ছিলেন না।
প্রতিমন্ত্রী অফিসের বারান্দায় প্রায় আধা ঘণ্টা বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেন। স্থানীয় সেবাগ্রহীতা ও সাধারণ মানুষ এই দৃশ্য প্রত্যক্ষ করেন।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আজকে আমি খুব আশাহত হয়েছি। অফিস খোলার কথা সকাল ৯টায়, অথচ পৌনে ১০টার দিকে একজন কর্মকর্তা এসেছেন, আরেকজন ১০টার পরে। আমরা ইন্সপেকশন শুরু করেছি। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রথম দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূমি অফিসগুলোতে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ চিহ্নিত করা হচ্ছে। দেশের বিভিন্ন ভূমি অফিস নিয়ে মানুষের অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে সেবাগ্রহীতা ঠিক জানতে পারেন না কাজ কতদিনে হবে বা কীভাবে সম্পন্ন হবে।’
তিনি সতর্ক করে বলেন, ‘আকস্মিক পরিদর্শন সীমাবদ্ধ থাকবে না। দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় এমন ‘সারপ্রাইজ ভিজিট’ পরিচালিত হবে। অফিসিয়াল বিষয় যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। জনগণের সরকার হিসেবে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বহাল থাকবে।’











