জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনোদন জগতের আর্থিক অনিশ্চয়তা এবং অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন। মাত্র ১৫ বছর বয়সে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বর্তমানে অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তাও।
তামান্না বলেন, অনেক অভিনেতা ক্যারিয়ারের সময় প্রচুর অর্থ উপার্জন করলেও সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের অভাবে পরবর্তীতে আর্থিক সংকটে পড়েন। তিনি বলেন, আয়ের অর্থ যদি সঠিক খাতে বিনিয়োগ না করা হয়, তাহলে ক্যারিয়ারের শেষে হাতে কিছুই থাকে না।
তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে তার সব আর্থিক বিষয় দেখাশোনা করতেন তার বাবা। এখনো তিনি বাবার কাছ থেকে বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ নেন। বাবার পরামর্শেই তিনি জমি, ফ্ল্যাট, গয়না এবং অন্যান্য লাভজনক খাতে বিনিয়োগ করেছেন, যা তাকে আর্থিকভাবে নিরাপদ থাকতে সহায়তা করেছে।
সাক্ষাৎকারে তিনি অতীতের কয়েকজন তারকার উদাহরণও তুলে ধরেন। তিনি বলেন, এক সময়ের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন ব্যবসায়িক ক্ষতির কারণে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছিলেন, যদিও পরে তিনি আবার সফলভাবে ঘুরে দাঁড়ান। এছাড়া অভিনেতা জ্যাকি শ্রফ এবং সুপারস্টার ভারত ভূষণ-ও জীবনের এক পর্যায়ে আর্থিক সংকটে পড়েছিলেন।
তামান্না মনে করেন, এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। তিনি বলেন, শুধু আয় করাই যথেষ্ট নয়, বরং ভবিষ্যতের জন্য সঠিকভাবে সঞ্চয় ও বিনিয়োগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।











