অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় এবং সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে তাকে বেশ প্রতিবাদী ভূমিকায় দেখা যাচ্ছে।
এবার তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের একটি পোস্ট নিজের ফেসবুক হ্যান্ডলে শেয়ার করে মন্তব্য করেছেন।
ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে বলে উল্লেখ করা হয়, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। পরে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে জামায়াতের আমির ড. শফিকুর রহমান দাবি করেন, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং ওই পোস্টটি তিনি নিজে দেননি।
এ প্রসঙ্গে শাওন ফেসবুকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন,
‘কয়েক বছর আগে আমার এক পরিচিত ভাবি সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক সাবেকের কিছু গোপন ছবি ফাঁস করে দেওয়ার পর এক ঘণ্টা পরপরই সেগুলো মুছে দিয়ে নতুন পোস্ট দিয়ে জানালেন—তার আইডি হ্যাক হয়েছিল, অনেক কষ্টে তিনি তা ফেরত পেয়েছেন! আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম, ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।’
শাওনের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যকে কটাক্ষ ও প্রতিবাদের ভাষা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক বিতর্ক হিসেবেও উল্লেখ করছেন।











