দীর্ঘদিন ধরে অভিনয়জগতের বাইরে রয়েছেন চিত্রনায়িকা খাদিজা বর্ষা। অভিনয়ের পাশাপাশি ধর্মীয় আচার-অনুশীলনেও নিয়মিত এই নায়িকা।
গত বছর ওমরাহ পালন করতে মক্কায় যান তিনি। সেখান থেকে ফিরে এসে বর্ষা জানান, তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। কারণ হিসেবে উল্লেখ করেন, ভবিষ্যতে সন্তানদের বড় করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন তিনি।
নিজের সেই সিদ্ধান্তে অটল রয়েছেন বর্ষা। সম্প্রতি কোনো নতুন সিনেমায় তাকে দেখা যায়নি। তবে মাঝে মধ্যে ফটোসেশন ও বিভিন্ন সামাজিক ও পারিবারিক আয়োজনে উপস্থিত থাকেন তিনি। অবসরে নিয়মিত বই পড়েন বলেও জানা গেছে, বিশেষ করে ধর্মীয় ও আত্মউন্নয়নমূলক বইয়ের প্রতি তার আগ্রহ বেশি।
এবার এমনই একটি ধর্মীয় বই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বর্ষা। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা বই ‘এক নজরে কুরআন’–এর কয়েকটি ছবি শেয়ার করেন তিনি।
পোস্টের ক্যাপশনে বর্ষা লেখেন, “আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরেই ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার খুব ইচ্ছে ছিল। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বোনদের জন্য ২টি।”
বর্ষা আরও লেখেন, “জীবনে তেমন কিছুই জানি না। তবে এই ‘এক নজরে কুরআন’ পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই ড. মিজানুর রহমান আজহারীকে, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন, আমিন।”
উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় খাদিজা বর্ষার। এতে তিনি অভিনয় করেন ব্যবসায়ী-প্রযোজক অনন্ত জলিলের বিপরীতে। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।











