ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আমরা ইসলাম ধারণ ও পালন করি হৃদয়ে।
মাথা থেকে পা পর্যন্ত আমাদের ইসলাম। আমরা ইসলাম বিক্রি করে খাই না। ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানবতার শিক্ষা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের সন্তান হিসেবে আমি কথা দিতে পারি—আপনাদের কাছে আমার কোনো চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার একটাই চাওয়া, আপনারা ভালো থাকবেন।
তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে একটি ভোট দেন, আমি আপনাদের বোন ও মেয়ে হিসেবে আজীবন পাশে থাকব। আপনাদের জন্য কাজ করব। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমার বাবা কোনোদিন স্বার্থ দেখেননি, তিনি সবাইকে বুকে টেনে নিয়েছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি দল মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বেহেশতের টিকিটের লোভ দেখাচ্ছে, যা কখনোই রাজনীতির সঠিক পথ হতে পারে না।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।











