কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, একটি পক্ষ ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে, তাদের সাবধান হয়ে যেতে হবে। ভোটের দিন ভোটারদের ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে গিয়ে পাহারায় থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভোট চুরি প্রতিহত করতে এবার রাজনৈতিক নেতাদের প্রয়োজন নেই। যারা অতীতে আন্দোলনে রাজপথে নেমেছিলেন, তারাই ভোট চুরি রুখে দেবেন। জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় যেভাবে সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছিল, এবারও তারাই ভোটের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে।
হাসনাত আব্দুল্লাহ আরও দাবি করেন, দেশে ভোট চুরির রাজনীতি আর চলবে না। যারা কেন্দ্র দখল কিংবা ভোট চুরির চেষ্টা করবে, তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে যে হ্যাঁ ভোট দিলে সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে না। এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তিনি ভোটারদের শাপলা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবীদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জামসেদ হোসেনসহ অন্যান্য নেতারা।











