ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে হাসপাতালের বেডে শুয়ে ভোট দিয়েছেন কামরুল হাসান বাপ্পি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
অনেকের সাহায্য নিয়ে ভোট দিয়েছেন তিনি। বাপ্পি মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন বাপ্পি। কিন্তু ভোটাধিকার থেকে নিজেকে বঞ্চিত না করতে তিনি কেন্দ্রে আসেন।
কামরুল হাসান বাপ্পি বলেন, “আমি হাসপাতালে শুয়ে থাকলেও মন পড়ে রয়েছে ভোটের মাঠে। অনেকে নিষেধ করলেও মন মানছে না। তাই বেড শুয়ে এসে ভোট দিয়েছি। ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম বলেন, “বাপ্পি দল পাগল মানুষ। অসুস্থ্য থাকার পরও তাকে আটকানো যায়নি। আমাদের সাহায্য নিয়ে তিনি ভোট দিয়েছেন।
মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা মো. শাহ আলম জানান, “একজন অসুস্থ ভোটার বেডে শুয়ে আসার পর চার জনে ধরে তাকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি ভোট দেন। এই কেন্দ্রে মোট ভোটার ৪,৯৩১। দুপুর পর্যন্ত ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করছেন।











