নারীদের কাছে ভোট চাইতে যাওয়ার সময় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার মাকে অপমান ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগও করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তোলেন মুফতি আমির হামজা। তিনি জানান, সকাল আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে তাদের বাধা দেওয়া হয়।
ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, নারী কর্মীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় এবং লিফলেট কেড়ে নেওয়া হয়। ওই সময় নারী কর্মীদের সঙ্গে তার মা উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। অভিযোগ অনুযায়ী, তার মায়ের সঙ্গেও অশোভন ও লাঞ্ছনাকর আচরণ করা হয়েছে।
এ ঘটনাকে রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন উল্লেখ করে তিনি বলেন, নারীদের ওপর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মায়ের সম্মান ও একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না। ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার বলেও মন্তব্য করেন তিনি।
আমির হামজা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধী পক্ষের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, মায়েদের প্রতি সহিংস আচরণ বন্ধ করতে হবে। ভয়, সন্ত্রাস ও নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।











