নিজের নামে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর আলিনা আমির। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি—এমনটাই দাবি করেছেন তিনি।
আলিনা আমির বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জনপ্রিয় সংলাপ ‘মেরি বডি মে সেনসেশন হোতি হ্যায়’ অনুকরণ করে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন। সেই ভিডিও তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এবং নেটিজেনদের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘সরসরাহট গার্ল’ নামে। বর্তমানে তার ইনস্টাগ্রামে প্রায় ২৫ লাখ এবং টিকটকে প্রায় ২৩ লাখ অনুসারী রয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েন এই তরুণী। বিষয়টি নিয়ে আলিনা জানান, শুরুতে তিনি ভিডিওটিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যেতে চেয়েছিলেন। তবে বারবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ফিডে আসতে থাকায় এবং মানুষ যাচাই না করেই সেটি শেয়ার করতে থাকায় প্রতিবাদ জানানো জরুরি হয়ে পড়ে।
আলিনা বলেন, “মানুষ না বুঝেই এই ভিডিও শেয়ার করছে। এটা সরাসরি হয়রানি এবং একটি গুরুতর অপরাধ। আমার সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে আছে এখানে।” তিনি আরও স্পষ্ট করেন, এ ধরনের ভুয়া ও কৃত্রিমভাবে তৈরি কনটেন্ট সামাজিকভাবে বিপজ্জনক এবং এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ ঘটনায় তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আলিনার মতে, প্রযুক্তির অপব্যবহার করে এভাবে কাউকে হেয় করা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং সমাজের জন্যও হুমকিস্বরূপ।
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আলিনার পাশে দাঁড়িয়েছেন এবং এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওর বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন।











