বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে আদালতের এজলাসে হট্টগোলের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বরিশালের আইনজীবীরা মহানগর আদালত বর্জন করেছেন। তারা সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানিয়েছেন।
তালুকদার ইউনুস সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। জামিনের পর পরই বিএনপিপন্থী আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে মহানগর আদালত বর্জন করেন।
জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তালুকদার ইউনুসের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি জামিন অযোগ্য। বিচারক রহস্যজনক কারণে জামিন দিয়েছেন। এর আগে আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা জামিন পেয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।
বেলা সাড়ে ১২টার দিকে একদল আইনজীবী অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে হট্টগোল সৃষ্টি করে। তারা কক্ষে রাখা চেয়ার ও টেবিল উল্টে ফেলে দেন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন হট্টগোলকারী আইনজীবীদের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হলেও তিনি বিষয়টি অস্বীকার করেন।
মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন আলম বলেন, তারা জামিনের বিরোধীতা করেছেন, তবে বিচারক জামিন আদেশ দেওয়ায় তাদের আর কিছু করার ছিল না।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বরিশালে তালুকদার ইউনুসসহ কয়েকজন উল্লেখযোগ্য আওয়ামী লীগ নেতা জামিনে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি ও মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন রয়েছেন।











