যশোরের বাঘারপাড়া চৌরাস্তা এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। উপজেলা প্রশাসনের এই পদক্ষেপের কারণ একই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় জননিরাপত্তা নিশ্চিত করা ও অপ্রীতিকর ঘটনা এড়ানো।
প্রশাসন সূত্রে জানা যায়, বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্রি মোড় থেকে চৌরাস্তা এবং তৎসংলগ্ন এলাকা, উপজেলা মোড় ও আশপাশে সব ধরনের সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত এবং মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
বাঘারপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার বলেন, “একই স্থানে দুটি পক্ষ সমাবেশ ডেকেছে। জননিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”











