ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত দুই নারীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভুক্তভোগী দুই নারীকে বিচার দাবি করতে দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী এক নারী জানিয়েছেন, তারা পুরান ঢাকায় সাহরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছিলেন। এ সময় কোনো কারণ ছাড়াই তাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন ওই ঢাবি শিক্ষার্থী।
নারীরা প্রতিবাদ করলে অভিযুক্ত ছাত্র তাদের ওপর চড়াও হন এবং অশ্লীল মন্তব্য করেন। ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ওই ছাত্র তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করেছেন এবং তাদের ড্রেসের কারণে তুচ্ছ মন্তব্য করেছেন।
অপর এক নারী বলেন, “ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পড় মারবে? আমি কি বাংলাদেশের বাইরের মানুষ? আমি কি এখানে আসতে পারি না?” এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তীব্র সমালোচনা করেছেন।











