গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করে ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে এক মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন গাজীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদের কাছে ওই অভিযোগ করেন তিনি। অভিযুক্ত আবুল কালাম শ্রীপুর উপজেলার বরমা ইসলামীয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল।
লিখিত অভিযোগে বাচ্চু বলেন, মঙ্গলবার গভীর রাতে মাওনা চৌরাস্তায় যানবাহন তল্লাশিকালে একটি প্রাইভেট কার থামিয়ে মাদক ও নগদ ৫ লাখ টাকাসহ জহিরুল ইসলাম পায়েল (৩৮) ও রিয়েল হোসেন (২৬) নামের দুই ব্যক্তি যৌথ বাহিনীর হাতে আটক হয়। পরে তাদের শ্রীপুর থানায় সোপর্দ করা হয়।
এরপর বুধবার সকাল ৮টার দিকে ওই শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, তার দুই কর্মী ৫ লাখ টাকাসহ আটক হয়েছে। বাচ্চু দাবি করেছেন, প্রকৃতপক্ষে আটককৃতরা ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মী এবং উদ্দেশ্যমূলকভাবে এই পোস্ট করা হয়েছে তার ভাবমূর্তি হেয় করার জন্য।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ জানান, অভিযুক্ত শিক্ষক সম্পর্কে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত আবুল কালাম জানিয়েছেন, স্থানীয় এনসিপি নেতাদের কাছ থেকে শুনে এবং একটি অনলাইন পোর্টালের খবর দেখে তিনি ওই পোস্ট দিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহাম্মেদ জানান, দুই বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ দুই ব্যক্তিকে যৌথ বাহিনী আটক করে পুলিশে সোপর্দ করেছে।











