এবারের একুশে পদক নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা। সাহিত্যে এবার একুশে পদক দেওয়া হয়নি। এই বিষয়ে কম কথা হয়নি। তবে এরই মধ্যে সাবেক উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ফেসবুকে দেওয়া ওই পোস্টকে সিরিয়াস পোস্ট হিসেবে উল্লেখ করে আব্দুন নূর তুষার বলেন, ‘সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। এটা একটা সিরিয়াস পোস্ট। সে প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি।’
সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে নানা বিষয় নিয়ে সোচ্চার হলেও নিজের ফেসবুক হ্যান্ডেলে বাংলা অক্ষরে লিখতে পারেন না। তিনি বাংলা বাক্য লিখেন ইংরেজি হরফ ব্যবহার করে। এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেক সময়ই তাকে কটাক্ষের মুখে পড়তে হয়। তুষারের এই পোস্ট ঠিক এই বিষয়টিকেই কেন্দ্র করে প্রকাশিত হয়েছে।
এদিকে, কিংবদন্তি গায়ক ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ এবার ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ২০২৬।











