বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ফেসবুক পোস্টে দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর ‘বিজয়’ অর্জনের কথা উল্লেখ করে দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া পোস্টে তিনি বলেন, “সর্ব শক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।”
তিনি ১৯৭১ সালের লাখো শহীদদের স্মরণ করেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া-কে স্মরণ করেন। এছাড়া ইলিয়াস আলী, সুমনসহ হাজারো নেতাকর্মী এবং জুলাই শহীদদের কথাও উল্লেখ করেন, যাদের ত্যাগের বিনিময়ে ‘নতুন বাংলাদেশ’ এসেছে বলে তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি দলের চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতাকর্মী এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।
এছাড়া ইন্টেরিম সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে।
সবশেষে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, যেন প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন এবং জনগণের জন্য কাজ করতে পারেন।











