অভিনেত্রী মেহের আফরোজ শাওন সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনার জন্য আলোচনায় রয়েছেন। এবার তিনি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে কেন্দ্র করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রো রেলে তোলা তিশার একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন শাওন। ছবিতে তিশাকে শাড়ি পরা অবস্থায় দেখা যায়। পোস্টের ক্যাপশনে শাওন লেখেন, ছবিটি সুন্দর হলেও শাড়িটি নিয়ে তার বিশেষ মন্তব্য রয়েছে। তিনি ওই শাড়িটি ‘জুলাই স্মৃতি জাদুঘরে’ সংরক্ষণের দাবি জানান।
পোস্টে শাওন লেখেন, ‘এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি।’ তার এই মন্তব্যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, ফারুকীর তত্ত্বাবধানে সাবেক গণভবনকে সম্প্রতি জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে, যা জুলাই আন্দোলনের স্মৃতি বহন করছে। শাওনের পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তার অনেক অনুসারী এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।
এদিকে শাওনের ‘উপদুষ্টু’ মন্তব্যটি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘ব্যাচেলর’-এর একটি দৃশ্যকে ঘিরে করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। ওই সিনেমার ‘লিটনের ফ্ল্যাট’ দৃশ্যটি সে সময় বেশ আলোচিত হয়েছিল।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় মেহের আফরোজ শাওন। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। ফারুকী পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।











