স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। তবে হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এসব কথা বলেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় কমিশন গঠন করা হয়েছিল, যার রিপোর্ট বর্তমানে সরকারের কাছে রয়েছে। তবে সেই রিপোর্ট বাস্তবায়নে তৎকালীন সরকার কোনো কার্যকর উদ্যোগ নেনি। প্রতিবেদনে ৭০টির বেশি সুপারিশ অন্তর্ভুক্ত ছিল, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শহীদ পরিবারকে আশ্বস্ত করতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। তিনি উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল, যা করতে পারে শুধু সেই ব্যক্তি বা গোষ্ঠী যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।











