মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। তিনি বলেছেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের সঠিক ও হালনাগাদ তথ্য প্রদান নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই যাত্রীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে না।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিশ্চিতে করণীয় নির্ধারণী এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রী জোর দিয়ে বলেন, প্রয়োজনে ২৪ ঘণ্টা খোলা থাকে এমন জরুরি হেল্পলাইন চালু রাখতে হবে, যাতে যাত্রীরা যেকোনো সময় তথ্য জানতে পারেন।
তিনি আরও বলেন, চলমান সংকটকে ঘিরে অপপ্রচার ও ভুল তথ্য ছড়িয়ে পড়ছে, যা যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং যাচাইকৃত তথ্য দ্রুত প্রচার করতে হবে। যাত্রীরা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজর রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
যেসব যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা অল্প সময় বাকি রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি এই সংকটকালে অতিরিক্ত ভাড়া বা চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে 🇧🇭 বাহরাইন, 🇦🇪 সংযুক্ত আরব আমিরাত, 🇶🇦 কাতার ও 🇰🇼 কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সর্বশেষ 🇸🇦 সৌদি আরবের দাম্মামেও ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। এর ফলে বহু যাত্রী ফ্লাইট বাতিল ও বিলম্বজনিত সমস্যায় পড়েছেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার মাধ্যমে আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া বা দেশে ফিরিয়ে আনার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











