ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নেত্রকোনা-১ আসনে ভোটের উত্তেজনা বেড়ে উঠেছে। কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রার্থী ছয়জন হলেও ভোটারদের আলোচনায় মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ হয়ে পড়েছে দুটি প্রতীকে—বিএনপির ধানের শীষ ও বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নেত্রকোনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ১০২ জন। এবারের নির্বাচনে ভোটের সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে সীমান্ত এলাকার ভবিষ্যৎ ভাবনা, আদিবাসী ও সংখ্যালঘু ভোট এবং তরুণদের প্রত্যাশা।
বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। তিনি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান, সীমান্ত উন্নয়ন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আকর্ষণ করছেন। ধারাবাহিক রাজনৈতিক উপস্থিতি ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা কায়সারকে শক্ত অবস্থানে রেখেছে ভোটের দৌড়ে।
অন্যদিকে, রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী। ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার ১১-দলীয় জোটের অংশ হিসেবে খেলাফত মজলিসের প্রার্থী। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন দল ও অবস্থান অতিক্রম করায় এলাকায় সমর্থক ও সমালোচক উভয়ের মধ্যে আলোচনা রয়েছে। সমর্থকরা মনে করেন তাঁর প্রশাসনিক ও সংসদীয় অভিজ্ঞতা এলাকার উন্নয়নে কাজে আসবে, সমালোচকরা দলবদলের রাজনীতি ভোটে প্রভাব ফেলতে পারে বলে মত দিয়েছেন।
নেত্রকোনা-১ আসনে নির্বাচনী অঙ্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আদিবাসী ও সংখ্যালঘু ভোট। দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় গারো, হাজং, কোচসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটার সংখ্যা তুলনামূলক বেশি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ভোট শেষ মুহূর্তে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
সীমান্ত এলাকার ভোটারদের ভাবনাও গুরুত্বপূর্ণ। সীমান্ত বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, যাতায়াত ও পারিবারিক যোগাযোগ—সবকিছু প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরশীল। তাই জাতীয় রাজনীতি ও কূটনৈতিক অবস্থান প্রার্থীদের জন্য নির্বাচনী গুরুত্ব বহন করছে।
এছাড়া তরুণ ভোটারদের প্রত্যাশা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্ন এবারের নির্বাচনী আলোচনার কেন্দ্রে। সব মিলিয়ে ভোটারদের অভিমত, নেত্রকোনা-১ আসনের এবারের নির্বাচন হবে হাড্ডাহাড্ডি ও বহুমাত্রিক। সীমান্তবাসীর উদ্বেগ, আদিবাসী ও সংখ্যালঘু ভোট এবং তরুণদের সিদ্ধান্ত—এই তিন শক্তির টানাপোড়েনেই শেষ পর্যন্ত নির্ধারিত হবে ফল।











