আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নির্বাচনকালীন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে টেকনাফ উপজেলায় নিয়মিত ফুট পেট্রোলিং ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনীর কন্টিনজেন্ট।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ফুট পেট্রোলিং কার্যক্রম শুরু করে। পরে শাপলা চত্বর, বাসস্টেশন, ঝর্ণা চত্বর হয়ে উপজেলা শহীদ মিনারের সামনে পর্যন্ত টহল পরিচালনা করা হয়।
ফুট পেট্রোলিং চলাকালে নৌবাহিনীর সদস্যরা পথচারী, সাধারণ জনগণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তারা স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সন্ত্রাস, নাশকতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণা চালান। সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকা ও জনসমাগমস্থলে বাড়তি নজরদারিও রাখা হয়।
নৌবাহিনী কন্টিনজেন্ট সূত্র জানায়, নির্বাচনী সময় আইন-শৃঙ্খলা রক্ষায় তারা নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে এবং স্থানীয় প্রশাসনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।
তারা আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপকূলীয় এলাকা ও সীমান্ত শহরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।











