রংপুর নগরীর খেলবাড়ী এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র পণ্য গোপনে মজুদ করে কালোবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় একজন ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক ব্যবসায়ীর নাম রুবেল হোসেন। তিনি পাবনা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে টিসিবির বৈধ ডিলার দাবি করলেও তদন্তে দেখা যায়, পণ্য উত্তোলনের পর তা নির্ধারিত উপকারভোগীদের মাঝে বিতরণ না করে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল।
উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৬১৩ কেজি মসুর ডাল, ১৬২ লিটার ভোজ্যতেল, ১৫০ কেজি ছোলা, ১৫০ কেজি চিনি এবং ৭০ কেজি খেজুর।
ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রমজানকে সামনে রেখে টিসিবির পণ্য গোপনে মজুদ করে বেশি দামে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। সাধারণ ভোক্তাদের মধ্যে সরবরাহ না করে কৌশলে এসব পণ্য কালোবাজারে বিক্রির পরিকল্পনা ছিল বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, টিসিবির পণ্য সাধারণ মানুষের জন্য বরাদ্দ। কেউ তা গোপনে মজুদ করে অবৈধভাবে বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা পণ্যের উৎস, কতদিন ধরে মজুদ ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্তে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযান আরও সম্প্রসারিত হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, জনস্বার্থে সরকারের ন্যায্যমূল্যের কর্মসূচি বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











