বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান।
তিনি বলেন, তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, যা একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে দিশেহারা করে তুলেছে। তাদের মুখে যা আসছে, তাই তারা বলে ফেলছে। এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং স্বৈরাচারী রাজনীতির পথেই হাঁটছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা-১৬ আসনে তারেক রহমানের জনসভা উপলক্ষে মঞ্চ নির্মাণ কার্যক্রমের প্রস্তুতি তদারকি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মোস্তফা জামান। রোববার ওই স্থানে তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মোস্তফা জামান আরও বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তরসহ আশপাশের এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, বিএনপি জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।
তিনি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসভাকে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলার সঙ্গে কর্মসূচি পালনের জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।











