দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় নওগাঁ শহরের এটিম মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা থাকলেও দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন।
সমাবেশে আসা নেতাকর্মীদের হাতে দেখা যায় ধানের শীষ প্রতীক, জাতীয় পতাকা এবং তারেক রহমানের ছবি। বিকেল সাড়ে ৩টার মধ্যেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশকে ঘিরে নওগাঁ বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে তারেক রহমান রাজশাহীতে পৌঁছান এবং সেখানে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রাজশাহীর কর্মসূচি শেষে তিনি বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁর উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নওগাঁর এটিম মাঠে জনসভায় যোগ দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
সরেজমিনে দেখা যায়, জনসভাকে কেন্দ্র করে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের মাঝখানে এলইডি স্ক্রিন এবং দুই পাশে ব্যানার টাঙানো হয়েছে। বাম পাশে লেখা রয়েছে ‘আই হ্যাভ আ প্লান’ এবং ডান পাশে ‘সবার আগে বাংলাদেশ’।
সমাবেশে যোগ দিতে পোরশা, ধামইরহাটসহ বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই নেতাকর্মীরা বাস, ট্রাক, মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে আসছেন। অনেকেই জানান, প্রিয় নেতাকে কাছ থেকে দেখার সুযোগ পেতেই তারা এত আগে মাঠে উপস্থিত হয়েছেন।
নিরাপত্তার বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসভাস্থলের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এই প্রথম নওগাঁয় বড় জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। চলতি বছরের ৯ জানুয়ারি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই নওগাঁয় তার প্রথম সফর। বিএনপির নেতারা আশা করছেন, এই জনসভা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ অঞ্চলে দলীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।











