তারেক রহমান আজ ডা. শফিকুর রহমান–এর আবাসিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠক শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাই। তাঁর এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। সংলাপ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচিত হবে বলে আমরা প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে দল আপসহীন থাকবে। সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমর্থন জানানো হলেও, যেখানে জবাবদিহিতা প্রয়োজন হবে সেখানে গঠনমূলক সমালোচনা অব্যাহত থাকবে।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের উদ্দেশ্য সংঘাত সৃষ্টি করা নয়, বরং সংশোধন ও ইতিবাচক পর্যবেক্ষণ। দেশের জনগণ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার মাধ্যমে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক দেশের বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিতে পারে।











