সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আজ ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুল কোর্ট সভায় অধস্তন আদালতের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ফুল কোর্ট সভায় বিচার বিভাগের সার্বিক প্রশাসনিক পরিচালনা, ভবিষ্যৎ কার্যক্রম এবং বিভিন্ন এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে থাকে।











