ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি অভিনয়ের পাশাপাশি তার স্পষ্টভাষী অবস্থানের জন্যও পরিচিত। ইন্ডাস্ট্রির নানা অসংগতি ও ভণ্ডামি নিয়ে তিনি বারবার প্রকাশ্যে কথা বলেছেন। এবার নতুন একটি কাজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তুলে ধরলেন নিজের দীর্ঘ ক্যারিয়ারের না-বলা আক্ষেপ এবং বিনোদনজগতের অন্ধকার বাস্তবতা।
স্বস্তিকার ভাষ্য, অভিনয় যদি শতভাগ ঠিক থাকে, তাহলে জনপ্রিয়তা বা অন্য কোনো বাহ্যিক সমীকরণ জরুরি নয়। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও বর্তমান প্রজেক্টটি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ তিনি আগে কখনো পাননি।
তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, আমার এত বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রের জন্য কেউ আমাকে কখনো ভাবেননি। আমি যে মুখে মুখে কথা বলি না, সেটা হয়তো এতদিনে সবাই বুঝে গেছে।”
বর্তমান সময়ে অভিনয়ের চেয়ে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার—এটা দেখে কাস্টিং করার যে প্রবণতা তৈরি হয়েছে, তার তীব্র বিরোধিতা করেন স্বস্তিকা। এই কাজটিতে রাজি হওয়ার আগে পরিচালক অভিরূপকে একটি স্পষ্ট শর্তও দিয়েছিলেন তিনি।
স্বস্তিকার কথায়, “আমি পরিষ্কার বলেছিলাম—সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো নির্বাচন করা হয়, তাহলে আমি এই কাজ করব না।”
তার মতে, অভিনয়টাই মূল শক্তি হওয়া উচিত। তিনি বলেন, “অভিনয়টা ঠিকঠাক করলে অন্য কিছুর প্রয়োজন পড়ে না। আমার মনে হয়, ওরা সেটা বুঝতে পেরেছে। আমার কাছ থেকে যদি মাটিতে পা দিয়ে চলা শিখতে পারে, সেটাই সবচেয়ে বড় পাওয়া।”
স্বস্তিকার এই মন্তব্য আবারও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।











