দ্বিতীয় সন্তানের মা হওয়ার গুঞ্জনের মধ্যেই ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে আলোচনায় এলেন চিত্রনায়িকা শবনম বুবলী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে শাকিব খান সম্পর্কে এক অভিনব মন্তব্য করেন তিনি। বুবলীর ভাষায়, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে যদি একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেই ‘ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির’ প্রিন্সিপাল হচ্ছেন শাকিব খান।
শাকিব খানের প্রশংসা করতে গিয়ে বুবলী বলেন, শাকিব খানের সিনেমা মানেই দর্শকের জন্য ধামাকা। দীর্ঘ সময় ধরে তিনি চলচ্চিত্র শিল্পকে আগলে রেখেছেন এবং ইন্ডাস্ট্রির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাই শাকিব খান শুধু একজন অভিনেতা নন, বরং চলচ্চিত্র অঙ্গনের একজন অভিভাবক। বুবলী আরও বলেন, শাকিব তাদের ‘প্রিন্স’ এবং তার আসন্ন সিনেমা ‘প্রিন্স’ও দর্শকমহলে সাড়া ফেলবে বলে তিনি আশাবাদী। সময় ও পরিস্থিতি মিললে ভবিষ্যতে ফের একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করার ইঙ্গিতও দেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে, বিশেষ করে দ্বিতীয় সন্তানের মা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে, বুবলী বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, সময় ও সুযোগ বুঝেই এ বিষয়ে কথা বলবেন। তবে ভালোবাসা দিবস প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, তার কাছে ভালোবাসার মানে শুধু উপহার বা আনুষ্ঠানিকতা নয়; বরং সম্মান, বিশ্বাস, আস্থা, ত্যাগ ও সমঝোতাই প্রকৃত ভালোবাসার ভিত্তি।
শাকিব খানের দেওয়া সেরা উপহার কী—এমন প্রশ্নে বুবলী বলেন, টাকা বা গহনার চেয়েও তাদের দীর্ঘদিনের সম্পর্ক, পরিবার এবং একসঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলোকেই তিনি সবচেয়ে মূল্যবান মনে করেন।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও বুবলী আশা প্রকাশ করেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, দেশের শিল্পীরা যেন নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন এবং নারী-পুরুষ বৈষম্য দূর হয়।











