ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি অব স্টেট মাত্তেও পেরেগ্রা দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যে পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ইতালির আন্ডার-সেক্রেটারি অব স্টেট বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন এবং সুদানের আবেই অঞ্চলে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতসহ উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











