মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জংগলকাটা নির্বাচনী পথসভায় তিনি এ প্রতিবাদ জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “গতকাল জামায়াত আমিরের বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি—কর্নেল অলি দিয়েছেন, এমন দাবি করেছেন।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে ভাড়া করে একটি সাইনবোর্ডের মাধ্যমে তাদেরও মুক্তিযোদ্ধা আছে দেখানোর চেষ্টা করছে। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা এটি কখনোই মেনে নেবে না।
সালাহউদ্দিন বলেন, “দেশপ্রেমিক সবাই এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। রাজনৈতিক দায়িত্বে আমরা মিথ্যা তথ্য ছড়ানো ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করছে—এটাই স্বাভাবিক। তবে জনগণ সব জানে, তাদের নতুন রূপে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা প্রতারণা ও ভণ্ডামি।”
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জামায়াত নারীদের অপমান করেছে, কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করেছে এবং নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দিয়েছে। এটি নারীদের কল্যাণ নয়, বরং নারীদের কর্মসংস্থান ধ্বংসের পরিকল্পনা।
এ সময় কক্সবাজার জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











