শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ ছাত্রসংগঠনের চাপে নির্বাচন কমিশনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে, যা শিক্ষার্থীদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল।
জবি শাখা ছাত্রশিবিরের বিজনেস অনুষদের সভাপতি সালেম হোসেন সিয়াম বলেন,
“বিএনপি ও ছাত্রদল দেশের জনগণ ও শিক্ষার্থীদের জন্য কী দিয়েছে? তাদের নেতা দেশে এসে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বলেছিলেন। আমরা দেখেছি সেই প্ল্যান কী ছিল—শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, যারা শিক্ষার্থীদের ভোটাধিকার কেড়ে নেয়, তারা কখনোই গণতন্ত্রের কথা বলতে পারে না।
মানববন্ধনে সংগঠনের ছাত্রকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন,
“৫ আগস্টের আগের সেই পুরোনো রাজনীতিই এখনো একটি রাজনৈতিক দল করে যাচ্ছে। ছাত্রদল পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে শাকসু নির্বাচন বন্ধ করেছে। যারা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে, তারা কীভাবে দেশের ১৮ কোটি মানুষের ভোটাধিকার রক্ষা করবে?”
তিনি জোর দিয়ে বলেন,
“আমাদের দাবি একটাই—শাকসু নির্বাচন হতেই হবে। যেকোনো মূল্যে আমরা শাকসু আদায় করে নেবো।”
এ সময় জবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন,
“তারা জানে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার দিলে ছাত্র সংসদে তারা জয়ী হতে পারবে না। তাই তারা তাদের ‘আলটিমেট খেলা’ খেলেছে। অতীতেও ’৯১ পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসে তারা ছাত্র সংসদ বন্ধ করে দিয়েছিল।”
তিনি আরও বলেন,
“যদি ২০ তারিখ শাকসু নির্বাচন না হয়, তাহলে তাদের তথাকথিত দেশনেতার সিলেটের সমাবেশ বন্ধ করে দেওয়া হোক। সিলেটের ছাত্রসমাজের প্রতি আহ্বান—রেলপথ, সড়কপথ ও জলপথ বন্ধ করে দিন। যারা শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে, তাদের কোনো সমাবেশ করার অধিকার থাকতে পারে না।”
মানববন্ধন শেষে বক্তারা দ্রুত শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবি জানান এবং দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।











