মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী এসএ জিন্নাহ্ কবির তাঁর বিজয় উৎসর্গ করেছেন সাধারণ ভোটার ও দলের নেতা কর্মীদের। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দলমত নির্বিশেষে এলাকার সকল মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য সর্বশক্তি নিয়োগ করবেন।
শুক্রবার সকালে মানিকগঞ্জ শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নদী ভাঙন ও বন্যা প্রবণ এলাকার মধ্যে পড়ে। এই এলাকার মানুষ প্রতিদিন প্রকৃতির সাথে লড়ে বেঁচে থাকেন। স্বাধীনতার ৫৭ বছরে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও কেউ তা পূরণ করেনি। আমি এই এলাকার পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পিতভাবে কাজ করব।”
জিন্নাহ্ কবির আরও বলেন, “অনেক ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে আমাকে বিজয় অর্জন করতে হয়েছে। এই বিজয় আমি আমার নেতা কর্মী ও সাধারণ ভোটারদের দিচ্ছি যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমার প্রতি তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে সর্বশক্তি নিয়োগ করব। আল্লাহতালা সদয় থাকলে তাদের প্রত্যাশা পূরণে আমি আমার সর্বশক্তি উজাড় করব। আমার বিশ্বাস আছে, আমি এটি করতে পারব।”
বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজা ৭৭ হাজার ৮১৮ ভোট পান।











