ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১ লাখ ১৮,৫৪৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে ৮০,৪৩৪ ভোট পেয়েছেন।
নির্বাচনের জয়ের পর শুক্রবার দুপুরে তার ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা। তিনি প্রতীক হিসেবে হাঁস বেছে নেওয়ার কারণ ও তার বেড়ে ওঠার গল্পও তুলে ধরেন। বিএনপি থেকে বের হয়ে বিজয়ী হওয়ার যাত্রাটি তার জন্য কঠিন ছিল।
রুমিন ফারহানা বলেন, “আমার জার্নিটা কঠিন ছিল। কিন্তু আমার চেয়েও কঠিন জার্নি ছিল আমার নেতাকর্মীদের। তারা ১৭ বছর ধরে কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, ঘরে ঘুমাতে পারেননি। আজও তারা খুশি, এবং আমি এই ভালোবাসার ঋণ শোধ করতে চাই।”
তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিনে কিছু কেন্দ্রের ফলাফল আটকে রাখার চেষ্টা হয়েছে এবং নিজে গিয়ে খেজুর গাছ প্রতীকের কর্মীদের সঙ্গে কেন্দ্রে মারামারি করে ভোট গণনা করেছেন।
ভোটের মার্কা হিসেবে হাঁস বেছে নেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, “আমার অনেক হাঁস ছিল, মোরগ ছিল, কবুতর ছিল। আমার স্মৃতি-অভ্যাস এবং অবসর সময়ের সঙ্গে হাঁসের সম্পর্কের কারণে আমি হাঁসকে প্রতীক হিসেবে বেছে নিয়েছি।”
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হন। একাদশ জাতীয় সংসদে তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। আজকের সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপি তাকে ফেরাতে চাইলে তার নেতাকর্মীদেরও ফেরাতে হবে।











